প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৩ নভেম্বর, ২০২৫

মায়ানমারে মাদক পাচারের সময় কোষ্টগার্ডে অভিযানে আটক-৪

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া:

মায়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশি সিমেন্ট ও কোমল পানীয় পাচারের সময় চার চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) ভোরে হাতিয়ার কালাদুর বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার (২২ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে—একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদক দেশে আনতে মায়ানমারের সঙ্গে চোরাচালান কার্যক্রমে লিপ্ত রয়েছে। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ভোর ৪টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে আভিযানিক দল সন্দেহজনক একটি ফিশিং বোটকে থামার সংকেত দিলে বোটটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে বোটটি ঢালচর বিআইডব্লিউটিএ পন্টুনের পাশে গিয়ে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা নদী থেকে জীবিত চার চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৭০০ বস্তা সিমেন্ট ও ৪০০ ক্যারেট কোমল পানীয় (টাইগার) মাদকের বিনিময়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তারা।

জব্দকৃত পণ্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “চোরাচালান ও মাদক প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

আরও পড়ুন

  • . এর আরও খবর