প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৪ নভেম্বর, ২০২৫

স্প্রে পার্টির প্রধান শামীম অস্ত্রসহ গ্রেফতার

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়ায় আলোচিত ‘স্প্রে পার্টি’ চক্রের প্রধান শামীমকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান-শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা।

গ্রেফতারকৃত শামীম (২৯) উপজেলার বুড়িরচর ইউনিয়নের ১নং ওয়ার্ড লামছি গ্রামের শফিউল আলমের ছেলে। তার বিরুদ্ধে হাতিয়া থানায় চুরি, অস্ত্র ও নানা অপরাধে মোট ৭টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, সম্প্রতি হাতিয়ার বিভিন্ন এলাকায় স্প্রে ব্যবহার করে ঘুম পাড়িয়ে চুরির ঘটনা বেড়ে যায়। এর মধ্যে গত ২৮ অক্টোবর চরঈশ্বর ইউনিয়নের খাসের হাট এলাকার হাজী কামরুলের বাড়িতে স্প্রে প্রয়োগ করে চুরির ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
ঘটনাটির পর পুলিশ দ্রুত তদন্তে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির প্রধান শামীমকে শনাক্ত করে।

এরই ধারাবাহিকতায় গত ২২ নভেম্বর রাত ৯টা ৩০ মিনিটে বুড়িরচর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে শামীমকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

ওসি আজমল হুদা জানান, গ্রেফতারের পর শামীম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। চুরি হওয়া মালামালের মধ্যে ১১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে থাকা আরও সাতটি মামলা তদন্তাধীন রয়েছে।

গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর