
নুশরাত রুমু, মাইজদী : মাইজদী পৌরবাজারের দক্ষিণ পাশে প্রধান সড়কের ওপর ময়লা ফেলা হচ্ছে। তার বাম পাশে ফার্মা পয়েন্টের সামনেই পৌরসভা ময়লা ফেলার বক্সটি উল্টো করে রেখেছে। ময়লা ফেলার নির্ধারিত কোন স্থান না থাকায় এলাকাবাসী ভীষণ বিপাকে পড়েছে। ভোগান্তি বেড়েছে রাস্তায় চলাচলকারী গাড়ি ও পথচারীরদের। ময়লার স্তুপের ১শ গজের মধ্যেই হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অবস্থিত। প্রায় আড়াই হাজার শিক্ষার্থী ও শিক্ষক এখানে প্রতিদিন যাতায়াত করছেন। ময়লার কারণে তারাও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।
পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা ময়লা পরিষ্কার করতে এলে এলাকাবাসীরা তাদের উল্টে রাখা ময়লার বক্সটি ঠিক করে দিতে বলেন। কিন্তু তাদের না-সূচক জবাবে হতাশ হন তারা। বিষয়টি দৈনিক নোয়াখালীর কথা’র নজরে এলে খোঁজ নিয়ে জানা যায় ময়লার বক্স তিনটি ছিল পৌরবাজারের সামনে। কিন্তু কিছুদিন ধরে পৌরবাজারে অবকাঠামো নির্মাণের কারণে সেগুলো সরিয়ে দেয়া হয়েছে।
তার একটি (বর্তমানে যেটি উল্টো করে রাখা) পৌরবাজারের দক্ষিণ গলির সামনে বসাতে গেলে সেখানে প্রধান সড়কের পশ্চিম পাশের দোকান ব্যবসায়ীরা বাধা দেন। একপর্যায়ে তারা ওপর মহলের সুবিধা নিয়ে নোয়াখালী পৌরসভাকে বাধ্য করেন বক্সটি উল্টো করে রাখতে।
নোয়াখালী পৌরসভার পরিচ্ছন্ন পরিদর্শক আব্দুল ওহাবকে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কোনো উপায় নেই। ময়লার বক্স বসাতে দিতে কেউ রাজি নয়। ব্যবসায়ী, বাসার মালিক সবাই নারাজ, তাই আমরা ময়লার বক্স উল্টো করে রেখেছি। অচিরেই বক্সটি তুলে নিয়ে আসব। প্রধান সড়কে ময়লা ফেলার বিষয়ে বলেন, পরিচ্ছন্ন কর্মীরা পৌরসভার তিনটি গাড়ি দিয়ে সারা শহর পরিষ্কারের কাজে নিয়োজিত। আমরা চেষ্টা করি প্রধান সড়কের ময়লা আগে অপসারণ করতে। ময়লার বক্স না তুলে বিকল্প জায়গায় ময়লা ফেলার জন্য এলাকাবাসী ও পৌরবাজারের ব্যবসায়ীরা জোর দাবি জানিয়েছে।
পৌরবাজার দক্ষিণ গলির এক ব্যবসায়ী বলেন “বক্স উল্টো করে রেখে এখন জায়গায় জায়গায় ময়লার স্তুপ হচ্ছে। এটা কি কোনো ব্যবস্থাপনা হলো?”
কয়েকজন স্থানীয় বাসিন্দা এ বিষয়ে বলেন পৌরসভা পুরো শহরকেই ময়লার ভাগাড় বানিয়ে রেখেছে। আমরা ময়লা ফেলার কোনো বক্স না থাকায় বিপদে পড়েছি। বাধ্য হয়ে রাস্তায় ময়লা ফেলতে হচ্ছে। ওদেরকে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। পৌরবাজারের ময়লাও অনেক দোকানদার প্রধান সড়কের ওপরই ফেলছেন।
এতে করে বাতাসে ভীষণ দুর্গন্ধ ছড়াচ্ছে, মশা- মাছির উপদ্রব বাড়ছে। প্রধান সড়কের ওপর ময়লার স্তুপ দেখে শহরের সৌন্দর্য ও পরিবেশ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই সমস্যা নিরসনে কোনো পদক্ষেপ নেই।
আপনার মতামত লিখুন :