
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বিয়ের অনুষ্ঠানে মাইক বাজানোকে কেন্দ্র করে এক পরিবারকে মধ্যযুগীয় কায়দায় বেত্রাঘাত ও ৩০ হাজার টাকা জরিমানার শিকার হতে হয়েছে। স্থানীয় একটি অনানুষ্ঠানিক সালিশে এ অমানবিক রায় কার্যকর করা হয়। জরিমানার টাকা দিতে না পারায় কন্যার জামাইয়ের অটোরিকশাও আটকে রেখেছেন অভিযুক্তরা।
ভুক্তভোগী শাহজাহান জানান, মেয়ের বিয়েতে স্বল্প সময়ের জন্য মাইক বাজানোর কারণে আফসার, ছারোয়ার ও মালেক তাকে ও পরিবারের সদস্যদের মারধর করেন। পরে সালিশদার আলাউদ্দিন মাঝি, তছলিম, আনোয়ার মাঝি, সেন্টুসহ কয়েকজন সবাইকে ১৫ বেত এবং ৩০ হাজার টাকা জরিমানার রায় দেন। বারবার ক্ষমা চাইলেও কেউ কর্ণপাত করেননি বলে অভিযোগ তার।
একজন সালিশদার জানান, ঘটনাস্থলে আফসারের ৫০ হাজার টাকা হারানোর অভিযোগ ওঠে। সঠিক প্রমাণ না মিললেও ক্ষতিপূরণ হিসেবে ৩০ হাজার টাকার রায় হয়। তবে নারীদের বেত্রাঘাত করা হয়নি বলে দাবি তাদের।
সাগরিয়া ফাঁড়ির পুলিশ পরিদর্শক এসআই ফরহাদ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে গিয়ে আইনি উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল বলছে, গ্রাম্য সালিশের এমন শারীরিক শাস্তি সম্পূর্ণ বেআইনি এবং ফৌজদারি অপরাধের অন্তর্ভুক্ত। দ্রুত দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
আপনার মতামত লিখুন :