
নুশরাত রুমু, মাইজদী :
দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকেরা ১ ডিসেম্বর সোমবার থেকে চার দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হচ্ছে না বলে খবর পাওয়া গেছে। বিভিন্ন বিদ্যালয় বৃহস্পতিবারই নোটিশ দিয়ে আজকের পরীক্ষা স্থগিত করার কথা জানিয়েছে। তারই ধারাবাহিকতায় নোয়াখালী জিলা স্কুল ও নোয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়েও কর্মবিরতি চলেছে । শিক্ষার্থীরা যথাসময়ে স্কুলে উপস্থিত হয়ে পরীক্ষা না হওয়ায় কিছুক্ষণ পর বাড়ি ফিরে গেছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচি চলছে।
মাধ্যমিক শিক্ষকদের চারটি দাবি হলো সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের’ গেজেট প্রকাশ, বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া, ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন-সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।
সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ৩০ নভেম্বর রবিবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ও বেতন-ভাতাসংক্রান্ত চার দফা দাবির বিষয়ে গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে শিক্ষকেরা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন। কিন্তু দাবিগুলো না মানায় এখন লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘১ ডিসেম্বর ২০২৫, সোমবার সরকারি (নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তর) শিক্ষা প্রতিষ্ঠানে চলমান বার্ষিক/নির্বাচনি পরীক্ষা ২০২৫ গ্রহণ সংক্রান্ত এবং পরীক্ষার দায়িত্বে নিয়োজিত শিক্ষক/কর্মকর্তাদের উপস্থিতি সংক্রান্ত তথ্যাদি দুপুর ১২ টার মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে।’ বিষয়টি জরুরি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :