
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : সোনাইমুড়ীতে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মো. বিজয় (২১) নামের এক মোটরসাইকেল আরোহী তরুণের ডান হাত কাঁধ থেকে শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় মাহমুদুল হাসান (২২) নামের অপর এক আরোহীর পা ভেঙে গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সোনাইমুড়ী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাটালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত বিজয় উপজেলার দেওটি ইউনিয়নের বাসিন্দা এবং অপর আহত হাসান সোনাইমুড়ী পৌরসভার কাটালী গ্রামের জাহিদুল হকের ছেলে।
ঘটনাস্থল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সন্ধ্যার দিকে সোনাইমুড়ী থেকে কুমিল্লামুখী আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন বিজয় ও হাসান। কাটালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান দুই তরুণ। ঘটনাস্থলেই বিজয়ের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন বিচ্ছিন্ন হাতসহ বিজয় ও আহত হাসানকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
চিকিৎসকের বক্তব্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, ‘হাসপাতালে আনার পর দেখা যায় বিজয়ের ডান হাত কাঁধ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিচ্ছিন্ন হাতসহ তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে। আহত অপর তরুণ বর্তমানে আমাদের হাসপাতালে চিকিৎসাধীন।’
পুলিশের পদক্ষেপ ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। প্রাথমিক তদন্তে ট্রাকের ধাক্কাতেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :