প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৫

দেশকে লড়াই-সংগ্রামের মাধ্যমে হানাদার স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত করেছে ছাত্র-জনতা – হান্নান মাসউদ

উপজেরা প্রতিনিধি, হাতিয়া :
জাতীয় নাগরিক কমিটির (এনসিপির) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ইতিহাসের প্রতিটি সন্ধিক্ষণে এ দেশের মুক্তির অগ্রদূত ছিল ছাত্রসমাজ। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং ১৯৯০ সালে স্বৈরাচারের পতন সব ক্ষেত্রেই ছাত্রদের ভূমিকা ছিল নির্ণায়ক। একই ধারাবাহিকতায় ২০২৪ সালেও ছাত্ররাই বিদেশি আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশকে মুক্ত করেছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভার এনসিপির অস্থায়ী কার্যালয়ে হাতিয়া উপজেলা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির মনোনীত প্রার্থী হান্নান মাসউদ বলেন, বর্তমান জাতীয় ছাত্রশক্তি কোনো হঠাৎ সৃষ্টি নয়; এটি অতীতের গণতান্ত্রিক ছাত্রআন্দোলনের ধারাবাহিক রূপ। এই সংগঠন একটি গণঅভ্যুত্থানের প্রতীক, যেখানে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির জায়গা নেই। সাধারণ ছাত্রদের ঐক্যবদ্ধ শক্তিতেই নতুন বাংলাদেশের ভিত্তি রচিত হবে।

তিনি আরও বলেন, ছাত্রদের দায়িত্ব কেবল স্লোগানে সীমাবদ্ধ নয়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মাঠ-ঘাট, কৃষক ও শ্রমিক—সর্বস্তরের মানুষের কাছে ঐক্যের বার্তা পৌঁছে দিতে হবে। দ্বীপ হাতিয়াকে বদলাতে হলে সম্মিলিত ও সাহসী ভূমিকা প্রয়োজন। সারা দেশে যে পরিবর্তনের হাওয়া বইছে, সেই পরিবর্তন হাতিয়াতেও ছড়িয়ে দিতে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে।
জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপ-প্রকাশনা ও গ্রন্থনা সম্পাদক হাফিজুর রহমান, হাতিয়া উপজেলা আহ্বায়ক নেয়ামত উল্লাহ নিরব, সদস্য সচিব আশেক এলাহী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদ রাফেজ, মুখ্য সংগঠক তারিফ ও সিনিয়র সংগঠক আতিক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন

  • . এর আরও খবর