প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২৫

বিপিএলে তিন পরাজয়ে বিধ্বস্ত নোয়াখালী এক্সপ্রেস

নুশরাত রুমু , মাইজদী : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দুই হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল নবাগত নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু মাঠের লড়াইয়ে সেই প্রত্যয় প্রতিফলিত করতে পারেনি হায়দার আলীর দল। রিপন মণ্ডলের বিধ্বংসী বোলিংয়ের পর মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে নোয়াখালীকে ৬ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এই হারের ফলে আসরে টানা তৃতীয় পরাজয় মানতে হলো নোয়াখালী এক্সপ্রেসকে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২৯ ডিসেম্বর) টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই রাজশাহীর বোলারদের তোপের মুখে পড়ে নোয়াখালী। দলীয় ১৮ রানেই ওপেনার হাবিবুর রহমান সোহান (৫) বিদায় নেন। তিনে নামা সাব্বির হোসেনও (৬) থিতু হতে পারেননি। একপ্রান্ত আগলে রেখে মাজ সাদাকাত ১৯ বলে ২৫ রান করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন।
মধ্যভাগে মাহিদুল ইসলাম অঙ্কন (২২) ও ভারপ্রাপ্ত অধিনায়ক হায়দার আলী (৩৩) কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তা বড় সংগ্রহের জন্য যথেষ্ট ছিল না।

নোয়াখালীকে অল্প রানে আটকে রাখার বড় কৃতিত্ব রাজশাহীর পেসার রিপন মণ্ডলের। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে রিপনের এটিই সেরা বোলিং। ২ উইকেট পেয়েছেন আরেক পেসার তানজিম হাসান।
শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৪ রানেই থামে নোয়াখালীর ইনিংস।

এর আগে নোয়াখালী এক্সপ্রেস ২৬ তারিখ প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ৬৫ রানে হারে এবং ২৭ তারিখ দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে খেলে ১ উইকেটে হেরে যায়। টানা হ্যাটট্রিক পরাজয়ে নতুন দল হিসাবে বেশ উজ্জীবিত ভক্ত সমর্থকদের উৎসাহে কিছুটা ভাটা পড়েছে। তবে তারা দলের পাশে সবসময় আছেন বলে মতামত দিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর