
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া প্রতিনিধি :
উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারি খাস জমি দখলের এক ভয়াবহ অপচেষ্টা ভেস্তে দিয়েছে উপজেলা প্রশাসন। ভূমিহীনের নামে প্রতারণা করে টাকার বিনিময়ে জমি “বণ্টনের” নামে শতাধিক মানুষকে জড়ো করে একটি চক্র দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে চর দখলের চেষ্টা চালাচ্ছিল। শেষ পর্যন্ত প্রশাসনের হঠাৎ অভিযানে দৌড়ে পালায় দখলকারীরা। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয় এবং জব্দ করা হয় একটি ট্রলার।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার পর্যটন এলাকা সংলগ্ন সরকারি চরে। আটক ব্যক্তিরা হলেন চরকিং ইউনিয়নের মৃত আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ আবুল কাশেম এবং চরইশ্বর ইউনিয়নের মোবাশ্বের আহমেদের ছেলে মোহাম্মদ হাশেম।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, “হাতিয়া নদীভাঙ্গা পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতি লিঃ” নামের একটি সংগঠনের ব্যানারে একটি চক্র দীর্ঘদিন ধরে মানুষের কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা নিয়ে সদস্যপদ দিয়ে আসছিল। সদস্যদের সরকারি খাস জমি বুঝিয়ে দেওয়ার আশ্বাসে প্রায় দুই শতাধিক মানুষকে ওই চরে আনা হয়। বৃহস্পতিবার সকাল থেকেই টাকার বিনিময়ে জমি পরিমাপ, স্লিপ বিতরণ ও ভাগ-বাটোয়ারার কাজ চলতে থাকে।
বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে কার্যক্রম বন্ধ করতে বললেও দখলকারীরা তা অমান্য করে কাজ চালিয়ে যায়। পরে বন বিভাগের আবেদনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে প্রশাসনের একটি টিম দ্রুত অভিযান চালায়। প্রশাসনের উপস্থিতি টের পেতেই দখলচক্রের সদস্যরা দিকবিদিক ছুটে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয় এবং তাদের কাজে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেক সাধারণ মানুষ প্রতারণার শিকার হয়ে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন—টাকা দিয়ে সদস্য হয়েও জমি না পাওয়ার আশঙ্কায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন,এটি সম্পূর্ণ সরকারি খাস জমি। এখনো কোনো বন্দোবস্ত দেওয়া হয়নি। একটি চক্র জবরদখলের চেষ্টা করছিল। আমরা ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে এবং দখলচেষ্টার সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
সংগঠনের সভাপতি মো. আবুল কাশেমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয়রা দ্রুত এই ধরনের প্রতারণামূলক সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ ভূমিহীনের অসহায়ত্বকে পুঁজি করে সরকারি সম্পদ লুটে নিতে না পারে।
আপনার মতামত লিখুন :