
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলার চর কাঁকড়া ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ফখরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন সংগ্রামের প্রতীক। দেশের মানুষের অধিকার আদায়ে তিনি কখনও মাথা নত করেননি। তাঁর মৃত্যুতে দেশপ্রেমিক জনতার মাঝে যে শূন্যতা তৈরি হয়েছে, তা অপূরণীয়।”
চর কাঁকড়া ইউনিয়ন বিএনপি নেতা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের উপদেষ্টা জোসনারা বেগম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার।
সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, মোশাররফ হোসেন বাহার, জাহাঙ্গীর আলম মিরন ও কামরুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা মরহুমার রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :