
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পর আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও গ্রেফতার না করার অভিযোগ করেছেন মামলার বাদী।
সোমবার উপজেলার চরএলাহী বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা চালায় একই এলাকার সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতার ছেলে ইব্রাহিম, ইসমাইল, সবুজ, বাহাদুর, সাব্বিরসহ তাদের সহযোগিরা।
এঘটনায় আহত তাজুল ইসলাম কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। কিন্তু মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করা হচ্ছেনা বলে অভিযোগ করেছেন বাদী তাজুল ইসলাম।
মামলার বাদী বিএনপির প্রবীণ নেতা সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম মঙ্গলবার বসুরহাট বাজারের এক স্থানীয় রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা বিএনপির দলীয় সাইনবোর্ড ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজী, ঘাট দখল, লুটতরাজ, মাদক ব্যবসা অব্যাহত রেখে চরএলাহী ইউনিয়ন বাসীর জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। তাদের এসব অপকর্মের প্রতিবাদ করাতেই তারা আমার ওপর হামলার ঘটনা ঘটিয়েছে। এসময় তিনি প্রশাসনের কাছে কাল বিলম্ব না করে এসব সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
আপনার মতামত লিখুন :