• ঢাকা
  • মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ জানুয়ারি, ২০২৬

হাতিয়ায় আবদুল হান্নান মাসউদের পক্ষে জামায়াত প্রার্থী প্রত্যাহার

উপজেলা প্রতিনিধি, হাতিয়া  :
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১০ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে এনসিপির প্রার্থী আবদুল হান্নান মাসউদের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় হাতিয়া উপজেলা সদরে অবস্থিত ১০ দলীয় জোটের নির্বাচনী কার্যালয়ে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার বোরহানুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াত মনোনীত হাতিয়া পৌরসভা মেয়র প্রার্থী শাব্বির আহমেদ তাফসীর।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা খেলাফত আন্দোলনের সদস্য সচিব মুফতি ইছমাইল হোসাইন, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা ইউনুছ সাঈফী, এনসিপির উপজেলা আহ্বায়ক শামছল তিব্রীজ, এলডিপির প্রার্থী আবুল হোসেন বাবুল, জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক এবং ১০ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ।
বক্তারা অভিযোগ করেন, অতীতে ভোটাধিকার হরণে জড়িত একটি মহল এবারও নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা বলেন, তথাকথিত ‘বিনা ভোটের’ জনপ্রতিনিধি ও তাদের সহযোগীরা ভোটের মাঠে অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এ ধরনের ব্যক্তিদের যেন ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব না দেওয়া হয়—সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

এলডিপির প্রার্থী আবুল হোসেন বাবুল বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ অনুপস্থিত ছিল। বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে একটি উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা তৈরি হয়েছে, যা একটি মহল নস্যাৎ করতে চায়। ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী এলডিপির পক্ষ থেকে তিনি আবদুল হান্নান মাসউদের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন।

জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক বলেন, গত ১৭ বছরে হত্যা, গুম, হামলা ও মিথ্যা মামলার মাধ্যমে বিরোধী কণ্ঠ দমন করা হয়েছে। হাতিয়াতেও মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার হরণ করে জনপদকে জিম্মি করে রাখা হয়েছিল। মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে নেমেছে বলে তিনি মন্তব্য করেন।
১০ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ বলেন, ১০ দলীয় জোট ফ্যাসিবাদবিরোধী, আধিপত্যবাদবিরোধী এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে। দল-মত নির্বিশেষে সবাইকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও আধুনিক হাতিয়া গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচিত হলে জোটের সব শরিক সংগঠন ও হাতিয়ার জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
তিনি আরও বলেন, অতীতে যারা মানুষের ওপর কোনো অত্যাচার করেননি এবং অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন না—তারা যদি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে আসেন, তবে ১০ দলীয় জোট তাদের স্বাগত জানাবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা শাহ মিজানুল হক, জাতীয় যুবশক্তির উপজেলা আহ্বায়ক ইউসুফ রেজা, ছাত্রশক্তির আহ্বায়ক আশিক এলাহীসহ ১০ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের নেতাকর্মীরা।

এ সময় হাতিয়া প্রেসক্লাবের সভাপতি জিএম ইব্রাহিম, সাধারণ সম্পাদক কেফায়েতুল্লাহ, সিনিয়র সাংবাদিক ইফতেখার হোসেন তুহিনসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে ১০ দলীয় জোটের একক প্রার্থী আবদুল হান্নান মাসউদের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক।

আরও পড়ুন

  • . এর আরও খবর