
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসুদের বক্তব্যকে “সম্পূর্ণ মিথ্যাচার ও উদ্দেশ্যপ্রণোদিত” আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে হাতিয়া উপজেলা বিএনপি।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাসউদুর রহমান বাবর।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৪ জানুয়ারি আব্দুল হান্নান মাসুদ এক সংবাদ সম্মেলনে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন বলে যে দাবি করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বাস্তবতা বিবর্জিত।
বাস্তবে তার নিজ দলের শতাধিক নেতাকর্মীও ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। যাদের বিএনপির নেতাকর্মী হিসেবে উপস্থাপন করা হয়েছে, তারা কেউই প্রকৃত বিএনপির সদস্য নন। বরং তারা পতিত আওয়ামী লীগের সুবিধাভোগী গোষ্ঠীর লোক।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপির নাম ব্যবহার করে এনসিপিতে যোগদানের নাটক সাজিয়ে হান্নান মাসুদ জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। এ ধরনের মিথ্যাচার রাজনীতিকে কলুষিত করছে।
সংবাদ সম্মেলনে নব্বই ভাগ ভোট পাওয়ার দাবি প্রসঙ্গে তিনি প্রশ্ন রেখে বলেন, “তিনি কি শেখ হাসিনার স্টাইলে ভোট করতে চান?” এই বক্তব্যের মাধ্যমে সন্ত্রাসীদের সহায়তায় কেন্দ্র দখলের অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। তবে হাতিয়ার সাধারণ জনগণ এসব ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত বলে জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা একযোগে ঘোষণা দেন—মিথ্যাচার ও গুজবের বিরুদ্ধে বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও শক্ত অবস্থানে থাকবে।
আপনার মতামত লিখুন :