
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট সদর একাংশ) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হুমকি, মারধর ও নির্বাচনী অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।
সোমবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা মোবাইল ফোনে জামায়াতের নেতাকর্মীদের ভোটের দিন ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন।
তিনি আরও বলেন, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা নেয়াজপুর ও অশ্বদিয়া ইউনিয়ন এবং কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে জামায়াতের সমর্থকদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন করছে। এ সময় তিনি আলা উদ্দিন, আবদুল ওয়াদুদ, নিজাম উদ্দিন ও আবদুর রহিম সাদ্দামের নাম উল্লেখ করে অভিযোগ করেন, তারা দলীয় কর্মীদের মারধর করছে এবং নারী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে না আসার জন্য হুমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে অধ্যক্ষ বেলায়েত হোসেন আরও দাবি করেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হলেও প্রতিপক্ষ প্রার্থীর প্রভাবে সেই তালিকা বাতিল করে নিজেদের পছন্দের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মহি উদ্দিন এবং বসুরহাট পৌরসভা জামায়াতের সেক্রেটারি এবিএম হেলাল উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মামুন নায়েক, বাংলাদেশ খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলা উদ্দিন, খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাঈন উদ্দিন ফারুক এবং বসুরহাট পৌরসভা শাখার সেক্রেটারি মাওলানা ইউসুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :