প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৬ জানুয়ারি, ২০২৬

হাতিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৫ নেতা বহিষ্কার

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের মাধ্যমে দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনকে সুসংগঠিত রাখার বার্তা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাহবুব ফাহাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন— হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আল-আমিন হোসেন শরিফ ও আনাছরুল হক, হাতিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাদী ইমন, যুগ্ম আহ্বায়ক আফসার হোসাইন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য খাজা আজমির হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনক্রমে এ বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ ও তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক, যোগাযোগ বা কার্যক্রমে অংশ না নেওয়ার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, ভবিষ্যতে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন-সংগ্রামকে শক্তিশালী করাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর