
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
আগামীর বাংলাদেশ গড়তে আলেম-ওলামা ও সমাজের সৎ ও যোগ্য মানুষদের জনপ্রতিনিধি হিসেবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ খেলাফত মজলিসের নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মরহুম মাওলানা আজমির হুসাইন (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
হান্নান মাসউদ বলেন, স্বাধীনতার পর থেকে এ দেশের আলেম-ওলামারা নানা সময়ে নির্যাতন ও বৈষম্যের শিকার হয়েছেন। সমাজ ও রাষ্ট্র পরিচালনায় তাঁদের যে মর্যাদা ও অবস্থান থাকার কথা ছিল, তা প্রতিষ্ঠিত হয়নি। তিনি বলেন, আগামীর দিনে ইউনিয়ন পরিষদের মেম্বার ও চেয়ারম্যানসহ স্থানীয় সরকার ব্যবস্থায় আলেম-ওলামা এবং সৎ মানুষদেরই দায়িত্ব নিতে হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ওয়াজ-মাহফিল পরিচালনার জন্যও অনুমতি নিতে হতো, যা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। যেখানে দেশের অধিকাংশ মানুষ মুসলমান, সেখানে অল্প কয়েকজনের হাতে আলেম সমাজ জিম্মি ছিল। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি।
হান্নান মাসউদ বলেন, প্রকৃত পরিবর্তন আনতে হলে বৈষম্যের অবসান ঘটাতে হবে। সে লক্ষ্যে আগামী ১২ তারিখের গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা মার্কেট মসজিদের খতিব হযরত মাওলানা ক্বারি মাহমুদুল হাসান, বহু মাদ্রাসা ও মসজিদের প্রতিষ্ঠাতা মুফতি সারওয়ার কাসেমী, হাতিয়া উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মুফতি সাহেদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মাওলানা কাউসার আহমেদসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :