
বেগমগঞ্জ উপজেলা প্রতিনিধি:
বেগমগঞ্জে বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে মো. আরিফ হোসেন (২০) নামে এক তরুণকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের রুগুরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আরিফ কুতুবপুর গ্রামের বাঞ্ছারাম বাড়ির সিরাজ মিয়ার ছেলে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানায়, বৃহস্পতিবার বিকেলে এলাকায় বাজি ধরে ক্রিকেট খেলা চলছিল। খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। আরিফ বিষয়টি মীমাংসার চেষ্টা করলে প্রাহিম (২১) ও অন্যান্য যুবক তাকে মারধর করে।
পরবর্তী দিন শুক্রবার সন্ধ্যায় রুগুরামপুর গ্রামে আবারও আরিফের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তার বুকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই আকিল জানান, হামলায় তার চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমর (২২)ও আহত হয়েছেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান বলেন, “বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :