
উপজেলা প্রতিনিধি, সদর :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলায় ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর তত্ত্বাবধানে শনিবার (৩১ জানুয়ারি) থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন।
বিজিবি সূত্র জানায়, বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের অংশ হিসেবে নোয়াখালী জেলার পাঁচটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত আটটি উপজেলায় ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
৪ বিজিবি, ফেনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ, বিজিবিএম, জি+ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অস্থায়ী বেইস ক্যাম্পে অবস্থান করবেন।
নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা গুরুত্বপূর্ণ স্থানে রোবাস্ট প্যাট্রোলিং, অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, সংবিধান ও আইনের আলোকে জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনে বিজিবি বদ্ধপরিকর। নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করতে বিভিন্ন জনসচেতনতামূলক সভা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রেখেছে ৪ বিজিবি। বিজিবি আশা প্রকাশ করে জানায়, সরকার, নির্বাচন কমিশন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :