
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের পক্ষে কাজ না করে দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কৃষকদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল–নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডুমুরিয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রসুল আমিন, ৪নং কাদরা ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব আবুল বাসার, ৫নং অর্জুনতলা ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব বেলাল হোসেন, ৮নং বীজবাগ ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক জসিম উদ্দিন এবং ৯নং নবীপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব আছান উল্লাহকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তাদের সঙ্গে দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্যও অনুরোধ করা হয়েছে। শনিবার জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেন। দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত বহিষ্কারপত্রের একটি কপি সন্ধ্যায় সেনবাগ প্রেসক্লাবের সাংবাদিকদের নিকট হস্তান্তর করেন কৃষকদলের একটি প্রতিনিধি দল।
আপনার মতামত লিখুন :