
উপজেলা প্রতিনিধি, হাতিয়া :
হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল হান্নান মাসউদের নির্বাচনী পথসভায় চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তালতলা বাজারে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ নির্বাচনী পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। এ সময় সমাবেশ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে একদল দুর্বৃত্ত। হামলাকারীরা বক্তৃতা চলাকালীন তাকে হত্যার উদ্দেশ্যে এ আক্রমণ চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলার পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনায় পথসভায় অংশ নেওয়া অন্তত তিনজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হাতিয়া উপজেলা শাখার দাবি, এই হামলার সঙ্গে বিএনপির নেতাকর্মীরা জড়িত। এর আগের দিন একই এলাকায় এনসিপির নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়।
অভিযোগ অনুযায়ী, ওই ভাঙচুরের নেতৃত্ব দেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন হাসান এবং তমরুদ্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহের। এছাড়া যুবদল নেতা মাহের প্রকাশ্যে এনসিপির নোয়াখালী জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল আজিম বাপ্পীকে হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা আহ্বায়ক শামছুল তিবরিজ বলেন,
“নির্বাচনী পরিবেশ নষ্ট করে ভোটকেন্দ্র দখল ও ভোট কারচুপির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এসব হামলা চালানো হচ্ছে। আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।” এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :