
শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা এবার বড়দের নিয়ে নতুন এক গান প্রকাশ করেছেন, নাম ‘অবিশ্বাসের দেশে’। বিষয়বস্তু শুনতে কিছুটা অচেনা মনে হলেও গানটি বিশেষ, কারণ এতে ছোটদের দৃষ্টিকোণ থেকে বড়দের জন্য কিছু পরামর্শ ও বার্তা রয়েছে।
জীবনমুখী ঘরানার এই গানের কথা ও সুর করেছেন স্থপতি এনামুল করিম নির্ঝর, সংগীতায়োজন করেছেন অটমনাল মুন। এটি মৃন্ময়ী মেঘার তৃতীয় মৌলিক গান। গানচিত্রটি প্রকাশ হয়েছে নির্ঝরের ‘গান প্রজেক্ট’-এর আওতায় ইউটিউব চ্যানেল ‘গানশালা ইকেএনসি’-তে। ভিডিওটি মৃন্ময়ী মেঘাকে মডেল করে নির্মাণ করেছেন মুজাহিদ মিজাব।
গানের লাইনগুলোতে বলা হয়েছে, ‘ফাঁকা কলস বাজছে যখন এলোমেলো সুরে, আবোল তাবোল যা ইচ্ছা তাই শুনছি ঘুরে ঘুরে, ইতিহাসের নাকের ডগায় পাহারাদার বসে, ঘুমের ঘোরে সারাটা দিন কপালটাকে ঘষে… অবিশ্বাসের দেশে, একটা কিছু করে দেখাও খানিক ভালোবেসে…’
এ প্রসঙ্গে গানের কথাকার এনামুল করিম নির্ঝর বলেন, ‘সময়ের বাস্তবতা এমন যে কার কথা কে শুনবে, বোঝা কঠিন। আমাদের অন্যায়-অনিয়মগুলো বাচ্চারা হয়তো বোঝে, কিন্তু প্রকাশ করতে পারে না। তাই ভাবলাম, যদি বাচ্চারা আমাদের নিয়ে গান করে, তাহলে বার্তাটি সবার কাছে পৌঁছাতে পারে। তাতে হয়তো আমাদের হুঁশ ফেরে। চেষ্টা করার চেষ্টা করাটাই বড় কিছু।’
মৃন্ময়ী মেঘা গানটি প্রকাশের পর ইতিমধ্যেই প্রশংসা পেয়েছেন। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘নির্ঝর আংকেলের কথা ও সুরে, মুন আংকেলের সংগীতে এটি আমার দ্বিতীয় গান। গান গেয়ে আমি খুব খুশি, ভিডিওটিও সুন্দর হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আরও সুন্দর গান গাইতে পারি।’
উল্লেখ্য, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মৃন্ময়ী মেঘার প্রথম মৌলিক গান প্রকাশ হয় ২০২৪ সালে, অটমনাল মুনের সংগীতে ‘ভূতের রাজা দিলো বর’, এবং ২০২৫ সালে প্রকাশ হয় দ্বিতীয় গান ‘হাউ মাউ খাউ’, যা এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে।
আপনার মতামত লিখুন :