• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০২৬

নোয়াখালীতে নিরাপদ অস্ত্রোপচার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

নোয়াখালী প্রতিনিধি :

আন্তর্জাতিক দাতা সংস্থা স্মাইল ট্রেনের উদ্যোগে নোয়াখালীর গুড হিল কমপ্লেক্স হাসপাতালে নিরাপদ অস্ত্রোপচার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণের মূল বিষয়বস্তু ছিল—জন্মগত ঠোঁট কাটা, তালু কাটা ও মাড়ি কাটা রোগীদের জন্য কীভাবে নিরাপদ ও মানসম্মত অস্ত্রোপচার নিশ্চিত করা যায়—সে বিষয়ে সমন্বিত ও বৈজ্ঞানিক দিকনির্দেশনা প্রদান।

এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. আবদুর রহমান ও তাঁর অভিজ্ঞ মেডিকেল টিম। পুরো প্রশিক্ষণ কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন স্মাইল ট্রেনের বাংলাদেশ প্রোগ্রাম ডিরেক্টর এ. বি. এম. মোবাশ্বের হোসেন।

প্রশিক্ষণে অস্ত্রোপচারের পূর্বপ্রস্তুতি, সার্জিক্যাল সেফটি, ওয়ার্ড ও পোস্ট-অপারেটিভ কেয়ার এবং ফলোআপসহ রোগী ব্যবস্থাপনার প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অর্ধশতাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করেন।

এছাড়াও ‘শিশুর হাসি’ সামাজিক সংস্থার ফিজিওথেরাপিস্ট, নিউট্রিশনিস্ট এবং ফিল্ড সুপারভাইজারগণ সক্রিয়ভাবে প্রশিক্ষণে অংশ নেন।

অনুষ্ঠানে গুড হিল কমপ্লেক্স হাসপাতালের চেয়ারম্যান ফরিদা ইয়াসমিনসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের প্রতি তাঁদের সার্বিক সহযোগিতা প্রদান ও সন্তুষ্টি প্রকাশ করেন। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি জন্মগত মুখমণ্ডলজনিত ত্রুটিযুক্ত শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর