
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
মানবসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে Serve for Smile-এর উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী ও অসহায় রোগীদের মাঝে হুইলচেয়ার ও নেবুলাইজার মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বসুরহাট হাসপাতাল রোডে অবস্থিত বসুরহাট চক্ষু হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে ১০ জন শিশু প্রতিবন্ধী ও অসহায় রোগীর মাঝে ১০টি নেবুলাইজার মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতালের চেয়ারম্যান, বিজিএমইএর পরিচালক ও Serve for Smile-এর প্রেসিডেন্ট সাইফুল্লাহ মনছুর বলেন, “আমাদের লক্ষ্য—যে কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে পিছিয়ে না পড়ে। অসহায়দের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান কাজ।”
বিশেষ অতিথির বক্তব্যে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “চিকিৎসাসেবার পাশাপাশি দরিদ্র ও অসহায় রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করাও একটি সামাজিক দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের মানবিক উদ্যোগ আরও সম্প্রসারিত করা হবে।”
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কলেজের প্রিন্সিপাল জসিম উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রাইমারি শিক্ষক সমিতির সম্পাদক মাস্টার বেলায়েত হোসেন, বসুরহাট বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন, ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা কার্যালয়ে পৃথক এক অনুষ্ঠানে ৪ জন প্রতিবন্ধী শিশুর মাঝে হুইলচেয়ার এবং ৪ জন অসহায় রোগীর মাঝে নেবুলাইজার মেশিন বিতরণ করা হয়। সেখানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাইন উদ্দিন, Serve for Smile-এর প্রেসিডেন্ট সাইফুল্লাহ মনছুর, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান ও চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইতোমধ্যে Serve for Smile-এর উদ্যোগে এলাকায় গরিব ও অসহায় শিশু ও বৃদ্ধদের মাঝে ১ হাজার ৬৫০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :