প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০২৬

চবি গ্রীন ভয়েসে নবীন বরণ ও বহ্নিশিখা শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) গ্রীন ভয়েস শাখার উদ্যোগে নবীন সদস্যদের বরণ এবং সংগঠনের অঙ্গসংগঠন বহ্নিশিখার নারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের কেন্দ্রীয় সমন্বয়ক ও পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদক আলমগীর কবির। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া। এছাড়া উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, গ্রীন ভয়েস চবি শাখার সভাপতি অনিক সরকার, বিভাগীয় সমন্বয়ক আহমেদ হানিফসহ অন্যান্য সদস্যরা।

নবীন সদস্যদের ফুল ও শুভেচ্ছা প্রদানের মাধ্যমে বরণ করা হয় এবং এরপর বহ্নিশিখার নারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ সম্পন্নের সার্টিফিকেট বিতরণ করা হয়।

কেন্দ্রীয় সমন্বয়ক আলমগীর কবির বলেন, “পরিবেশ রক্ষার আন্দোলন কেবল স্লোগানে সীমাবদ্ধ থাকলে চলবে না; এটি হতে হবে জীবনচর্চার অংশ। তরুণদের হাত ধরেই পরিবেশ আন্দোলন এগিয়ে যাবে গ্রীন ভয়েস সেই কাজটি করছে। নবীনদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা এবং নারীদের আত্মরক্ষায় প্রশিক্ষণে কাজ করছে গ্রীন ভয়েস।”

সাবেক সাধারণ সম্পাদক রাফি সরকার বলেন, “শিক্ষার্থীরা যদি পড়াশোনার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালন করে, তারা সত্যিকারের মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে। গ্রীন ভয়েস ও বহ্নিশিখার মতো সংগঠন শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

চবি শাখার সভাপতি অনিক সরকার বলেন, “নবীনরাই আমাদের ভবিষ্যৎ শক্তি। আমরা চাই তারা পরিবেশ রক্ষার পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও মানবিক মূল্যবোধ চর্চায় সক্রিয় ভূমিকা রাখুক। বহ্নিশিখার মাধ্যমে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষামূলক দক্ষতা অর্জনের সুযোগ পেয়ে আমরা গর্বিত।”

সাংগঠনিক সম্পাদক মাহমুদা আক্তার জানান, “বহ্নিশিখার মাধ্যমে নারী শিক্ষার্থীদের জন্য ক্যারাটে প্রশিক্ষণের আয়োজন করা হয়। এর উদ্দেশ্য ছিল তাদের আত্মবিশ্বাস ও আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি করা। আজ সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সফল সমাপ্তি হলো।”

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই উদ্যোগকে সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর