
উপজেলা প্রতিনিধি, সদর :
নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে ৮৭৫ কেন্দ্রের নিরাপত্তায় সাত বাহিনীর সাড়ে ১৬ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
পুরো জেলায় ভোটকেন্দ্রের নিরাপত্তা দেবেন আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ হাজার সদস্য। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এখানে সবগুলো আসনে ভোটের পরিবেশ অত্যন্ত সন্তোষজনক। ছয়টি আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড ও আনসার সদস্যসহ মোট ১৬ হাজার ৩৭৯জন সদস্য মোতায়েন করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নোয়াখালী-৬ আসন হাতিয়া বিচ্ছিন্ন দ্বীপ এলাকা হওয়ায় সেখানে পুলিশ ও আনসারের পাশাপাশি কোস্টগার্ড ও নৌবাহিনী দায়িত্ব পালন করবে। অন্য পাঁচটি আসনে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবিও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে। এর মধ্যে সেনাবাহিনী ৭০০, বিজিবি ২৫০, পুলিশ ২ হাজার ৬৫০,র্যাব ১০০, নৌবাহিনী ২৪০, কোস্টগার্ড এক হাজার ৬৪ ও আনসার ১১ হাজার ৩৭৫ জন নিয়োজিত করা হয়েছে।
এছাড়া একজন জেলা রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে ১৪ জন সহকারি রিটার্নিং কর্মকর্তা, ১৪ জন প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৮৭৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৫ হাজার ৬০৯ জন সহকারি প্রিসাইডিং কর্মকর্তা ও ১১ হাজার ২১৮ জন পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ছয় আসনের নয় উপজেলায় নির্বাচনের ব্যালটসহ সব মালামাল পৌঁছানো হয়েছে। বুধবার বিকেলে এসব মালামাল কেন্দ্রে পৌঁছানো হয়েছে। ভোটের বাক্স, মালামালসহ ব্যালট পেপারের নিরাপত্তায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জেলার ছয়টি আসনে আট পৌরসভা ও ৯১ ইউনিয়নে মোট ভোটার ২৮ লাখ ৬৭ হাজার ৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ৯৬ হাজার ৩৮০জন ও মহিলা ১৩ লাখ ৭১ হাজার ২৪৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১৪ জন। এখানে ৮৭৫টি ভোটকেন্দ্র ও পাঁচ হাজার ৬০৯টি ভোটকক্ষ রয়েছে।
আপনার মতামত লিখুন :