প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

খলিশাটোলায় বিএনপি নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, সদর :
সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের খলিশাটোলা এলাকায় বিএনপি নেতা মুরাদ মিয়া (৩২) এর বসতঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।  মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানায়, দুর্বৃত্তরা গভীর রাতে তাদের টিনশেড বসতঘরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। তবে ওই সময় মুরাদ মিয়া ও তার স্ত্রী-সন্তানরা শ্বশুরবাড়িতে অবস্থান করায় প্রাণহানির ঘটনা ঘটেনি। স্থানীয়রা টিনের শব্দ ও আগুনের আভা দেখে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ঘরের ভেতরের আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।

মুরাদ মিয়ার স্ত্রী সাদিয়া আক্তার (২০) দাবি করেন, তার স্বামীর বিরুদ্ধে দায়ের করা একটি অস্ত্র মামলা মিথ্যা এবং রাজনৈতিক বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটতে পারে। পরিবারটির অভিযোগ, তারা এখনও হুমকির মুখে রয়েছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সুধারাম মডেল থানা-তে লিখিত অভিযোগ দায়ের করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এলাকাবাসীর একাংশ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছেন। তবে এ বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

  • . এর আরও খবর