• ঢাকা
  • শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর বাংলাদেশ টেলিভিশন পরিদর্শন

নিউজ ডেস্ক :
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দপ্তরে যোগদানের প্রথম দিনেই গতকাল (১৮ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মন্ত্রী বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ সম্প্রচারের কার্যক্রম তদারকি করেন।

পরে তিনি বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। সভায় মন্ত্রী জহির উদ্দিন স্বপন বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচারের গুণগত মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বিটিভিকে আধুনিক ও সময়োপযোগীভাবে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম হিসেবে বিটিভিকে আরও দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান মন্ত্রী।

সভায় বিটিভির মহাপরিচালক প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এসময় মন্ত্রী বিটিভির সার্বিক উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর