
উপজেলা প্রতিনিধি, সদর :
সদর উপজেলায় একটি মাছের আড়তে অভিযান চালিয়ে ১১৩ কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ (স্টিংরে) জব্দ করেছে উপকূলীয় বন বিভাগ। পরে মাছটি নোয়াখালী উপকূলীয় বন বিভাগের কার্যালয়ে নিয়ে মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়।
শুক্রবার (৬মার্চ ) সকাল ৮টার দিকে সদর উপজেলার সোনাপুর বাজারের একটি মাছের আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিলের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, ভোরে সোনাপুর বাজারের মাছের আড়তে এক ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে বড় আকারের একটি শাপলাপাতা মাছ নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মকর্তারা সেখানে অভিযান চালালে মাঝখানে কাটা অবস্থায় মাছটি জব্দ করা হয়। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে আড়তের মালিক পালিয়ে যান।
বন বিভাগের কর্মকর্তারা জানান, শাপলাপাতা মাছ বাংলাদেশের নদী ও উপকূলীয় জলজ বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী। এটি সাধারণত নদী ও সাগরের তলদেশে বসবাস করে এবং ছোট মাছসহ বিভিন্ন জলজ প্রাণী খেয়ে খাদ্যচক্রের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অতিরিক্ত শিকার, অবৈধ বেচাকেনা এবং বাসস্থান ধ্বংসের কারণে এ প্রজাতি বর্তমানে মারাত্মক হুমকির মুখে রয়েছে।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন, বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী এ ধরনের বন্যপ্রাণী শিকার, ক্রয়-বিক্রয়, মজুত বা পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। বন্যপ্রাণী সংরক্ষণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :