
স্টাফ রিপোর্টার :
শনিবার (৭ মার্চ’২৬) বিকাল ৪টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা উত্তরের উদ্যোগে চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্সের ৫ম তলায়, গোল্ডেন ভিউ রেস্টুরেন্টে, ইসলামী শরিয়াহ ভিত্তিক রাষ্ট্রবিনির্মাণে তারুণ্যের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি জিএম মাহমুদুল হাসান হামিদীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মাদ মারুফ শেখ।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন ১৭ রমজান। মুসলিম উম্মাহর গৌরবময় এক ইতিহাসের নাম, বিগত সাড়ে চৌদ্দশ বছর পূর্বে ঐতিহাসিক বদর প্রান্তরে মক্কার কুরাইশ কাফের শক্তির সাথে সত্যের পতাকাবাহী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সশস্ত্র জিহাদের মাধ্যমে মুসলমানদের বিজয়ের মধ্য দিয়ে সার্বজনীন ইসলাম বিজয়ের সূচনা হয়। বদর যুদ্ধে মুসলমানদের বিজয়ের ধারাবাহিকতায় ১৯২৪ সাল পর্যন্ত প্রায় সাড়ে তেরশ বছর পর্যন্ত অর্ধ পৃথিবী মুসলমানরা ইসলামী খেলাফতের অধীনে শাসন করেন, যা ইতিহাসে সোনালী দিন হিসেবে সাব্যস্ত হয়। ১৯২৪ সালে ওসমানী খেলাফত ধ্বংসের মধ্য দিয়ে বিশ্বব্যাপী প্রাচ্য এবং পাশ্চাত্য সভ্যতার উত্থান হয়। ইসলাম এবং পশ্চিমা সভ্যতার এই সংঘাতময় পরিস্থিতিতে পৃথিবীব্যাপি পশ্চিমাদের যুদ্ধবিগ্রহের মাধ্যমে অগণিত মুসলিম মুজাহিদ, নারী শিশু শাহাদাত বরণ করেন। পশ্চিমা সভ্যতার উত্থানের মধ্য দিয়ে পৃথিবী আজ ধ্বংসের অতল গভীরে নিমজ্জিত, তাদের তৈরিকৃত ধর্মযুদ্ধের ফলে সারা পৃথিবী আজ মানুষের বসবাসের অনুপোযোগী হয়ে উঠছে। সংঘাতময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিশ্বব্যাপী মুসলিম উম্মাহকে তাওহীদ ভিত্তিক ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
তিনি আরো বলেন, বাংলাদেশ আজ ৫৪ বছর স্বাধীনতা লাভ করেছে, কিন্তু দুঃখ পরিতাপের বিষয় এই ৫৪ বছরে অনেক সরকারের উত্থান পতন হয়েছে, আন্দোলন সংগ্রাম হয়েছে, রক্তপাত ঘটেছে, অগণিত মানুষের জীবন ঝরেছে, তবুও বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি।
পশ্চিমাদের তৈরিকৃত অকার্যকর তন্ত্র দিয়ে আধিপত্যবাদী শক্তির দাবিদারি শাসকগোষ্ঠীর শাসনের ফলে বাংলাদেশের মানুষ বারবার শোষিত হয়েছে, বারবার বাংলাদেশ ব্যর্থ হওয়ার ফলে আজ বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রের পরিণত হয়েছে, যুব ও তারুণ্য শক্তির নৈতিক অধঃপতন ঘটেছে। অকার্যকর শিক্ষা ব্যবস্থার ফলে দিন দিন বেকারত্বের হার বেড়েই চলছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না চলতে দেওয়া যায় না। অকার্যকর এই রাষ্ট্র ব্যবস্থার উত্তরণের ইসলামই একমাত্র কার্যকর পন্থা। রাষ্ট্রের সর্বস্তরে ইসলামী শরিয়াহ’র অনুশাসনের অনুশীলনের মাধ্যমে বাংলাদেশকে একটি ইসলামী শরিয়াহ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্রে পরিণত করতে তারুণ্য শক্তিকে ঐক্যবদ্ধভাবে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
জেলা সাধারণ সম্পাদক এম. শহিদুল ইসলাম কাউসার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মাওলানা হাফেজ নজির আহমদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ হাবিবুর রহমান।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, চৌমুহনী পৌরসভার নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মাদ জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ মোজাম্মেল হোসেন কামাল, ডাক্তার সাইফুল ইসলাম রাকিব, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন সরসপুরী, জাতীয় শিক্ষক ফোরাম জেলা উত্তরের সভাপতি মাওলানা বেলায়েত হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা উত্তরের সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন শাহীন, ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস জেলা সহ-সভাপতি মুফতি মুহাম্মাদ নুরুদ্দিন, খেলাফত যুব মজলিস জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা উত্তরের সভাপতি মুহাম্মাদ মনিরুজ্জামান বাবুসহ বিভিন্ন পেশাজীবী ও তরুণ উদ্যোক্তা নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :