
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জে মাছ ধরার জন্য পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত এক ব্যক্তির (৫০) অর্ধগলিত মরদেহ। শুক্রবার দুপুরে উপজেলার চরপার্বতী ইউনিয়নের মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। দীর্ঘদিনের পুরনো এই লাশটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের পুকুরটি মাছ ধরার জন্য বৃহস্পতিবার রাতে সেচ দেওয়া শুরু হয়। শুক্রবার সকালে পানি কমে গেলে স্থানীয় জেলেরা কচুরিপানা সরাতে গিয়ে শিউরে ওঠেন। কচুরিপানার স্তূপের নিচে একটি মানুষের দেহ আটকে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, লাশটি এতটাই পচে গেছে যে চেনার কোনো উপায় নেই। ধারণা করা হচ্ছে, অন্তত এক মাস আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং কেউ লাশটি গুম করার উদ্দেশ্যে পুকুরে ফেলে দিয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অজ্ঞাত এই ব্যক্তির পরিচয় শনাক্তে আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :