প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ মার্চ, ২০২৬

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ব্যবসায়ী রঞ্জিত কুরীর লাশ

উপজেলা প্রতিনিধি, সদর :
সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর একটি পুকুর থেকে রঞ্জিত কুরী (৫৩) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার গোনাই রামশংকর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রঞ্জিত কুরী নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চন্দ্র কুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রঞ্জিত কুরীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

নিখোঁজের দুই দিন পর শনিবার দুপুরে স্থানীয়রা পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

পরিবারের সদস্যদের ভাষ্যমতে তিনি আগে থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর