প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ মার্চ, ২০২৬

কোম্পানীগঞ্জে ভিজিএফের ২১ বস্তা চাল উধাও

আবু ছায়েদ শাকিল, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় ভিজিএফের ২১ বস্তা চাল উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় ভিজিএফ চাল বিতরনের সাথে সম্পৃক্ত ইউপি সচিবসহ সকলকে দায়ী করছেন উপকারভোগীরা।

রোববার দুপুরে চরহাজারী ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন উপকারভোগীরা। এসময় চাল না পেয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং এঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারের দেয়া উপজেলা পরিষদ থেকে ২৭২ বস্তা ভিজিএফের চাল অসহায় ও দুস্থ্যদের মাঝে বিতরণের জন্য চরহাজারী ইউনিয়ন পরিষদে বরাদ্দ দেয়া হয়।

ওই চাল ১০ কেজি হারে ১৩৬০ জনের মাঝে বিতরণের জন্য উপকারভোগীদের  স্লিপ দেয়া হয়। স্লিপের ১২৫৬ জনকে চাল দেয়ার পর বাকি ১০৪ জন উপকারভোগীরা স্লিপ নিয়ে সকাল থেকে প্রচন্ড রোদে দাঁড়িয়ে ছিলেন পরিষদের সামনে। কিন্তু দুপুরে জানানো হয় চাল শেষ এবং গুদাম ঘর থেকে ২১ বস্তা উধাও হয়ে যায়। এতো মানুষ অপেক্ষায় অথচ চাল শেষ কিভাব হলো সে প্রশ্নের উত্তর না পেয়ে বিক্ষোভ শুরু করে উপকারভোগীরা। পরে তালা বন্ধ করে পরিষদের সবাই চলে যায়।

কুলসুমের নেছা নামের এক উপকারভোগী জানান, আমাকে স্লিপ দিয়েছে। সকাল থেকে বাচ্চাকে নিয়ে অপেক্ষা করছি। কিন্তু এখন বলতেছে চাল নেই, দিতে পারবেনা। তাহলে সরকারের দেয়া চাল কোথায় গেলো?
এঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব মোঃ গাউছাল আবরার উদ্দিন জানান, কি হয়েছে বুঝে উঠতে পারছিনা। কিনে হলেও আমি কাল চালের ব্যবস্থা করবো।

এবিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক আবদুল মান্নান বলেন, আমি গতকাল নির্দিষ্ট পরিমাণ চাল বুঝিয়ে দিয়েছি সচিবের কাছে। আজ ঘটনাটি শুনেছি। আমরা উর্ধতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেবো।

আরও পড়ুন

  • . এর আরও খবর