
উপজেলা প্রতিনিধি, সদর :
জেলায় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন এবং অতিরিক্ত বোঝাই (ওভারলোডেড) যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানীগঞ্জ উপজেলার আঞ্চলিক সড়ক দিয়ে ফেনী জেলার সোনাগাজী উপজেলার সঙ্গে সংযোগ রক্ষাকারী ছোট ধলী ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশ্ববর্তী জেলা থেকে ছোট ফেনী নদীপথে বালু সরবরাহ ও পরিবহনের কারণে বর্তমানে সেতুটি ঝুঁকির মুখে পড়েছে। এতে স্থানীয় জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এছাড়া চর এলাহী সংযোগ সড়কের বিভিন্ন পয়েন্ট দিয়ে বালুবোঝাই ভারী ট্রাক চলাচলের ফলে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার বিভিন্ন সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে এলাকায় একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটছে।
এ পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে উত্তোলিত বালু সড়কের পাশে স্তূপ করা, সরবরাহ বা পরিবহন এবং সড়ক, মহাসড়ক, গ্রামীণ সড়ক ও সেতুর ওপর দিয়ে ২২ টনের বেশি বোঝাই করা যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন বা ওভারলোডেড যানবাহনে বালু পরিবহন করলে তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসন সর্বসাধারণকে এ ধরনের নিষিদ্ধ কার্যক্রমের তথ্য পাওয়া মাত্র উপজেলা প্রশাসন বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছে।
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি ইতোমধ্যে জেলায় কার্যকর হয়েছে।
আপনার মতামত লিখুন :