প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ মার্চ, ২০২৬

ধন্যপুর মাদ্রাসায় সড়ক নিরাপত্তা বিষয়ে বিআরটিএ’র সচেতনতামূলক সেমিনার

উপজেলা প্রতিনিধি, সদর :
সড়ক দুর্ঘটনা হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার ধন্যপুরে অবস্থিত জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা (ধন্যপুর মাদ্রাসা)-তে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিআরটিএ, নোয়াখালী সার্কেলের উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সড়ক পরিবহন খাতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সহযোগিতায় জেলায় বছরব্যাপী সচেতনতামূলক সভা ও সেমিনার আয়োজনের সিদ্ধান্তের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সেমিনারে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

বিআরটিএ, নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথোয়াইনু চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে সেমিনারে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোটরযান পরিদর্শক মো. জিয়াউর রহমান ও মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. মিল্লাতুর রশিদ।

সেমিনারে সড়ক নিরাপত্তা সংক্রান্ত ট্রাফিক সিগন্যালের গুরুত্ব, পথচারী ও যাত্রীদের করণীয়, নিরাপদে রাস্তা পারাপারের নিয়ম এবং গণপরিবহনে চলাচলের সময় সতর্কতার বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আল জামী।
সেমিনারে প্রায় ৭০ জন শিক্ষার্থীসহ শিক্ষক ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচি পর্যায়ক্রমে আয়োজন করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর