
উপজেলা প্রতিনিধি, হাতিয়া :
হাতিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলা উদ্দিন-কে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তাকে ঘিরে কিছু ঘটনার দৃশ্য দেখা যায় বলে দাবি করছেন নেটিজেনরা।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর হাতিয়াজুড়ে নানা মহলে আলোচনা শুরু হয়। অনেকেই ভিডিওটির সত্যতা ও ঘটনার প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক মাধ্যমে কেউ কেউ বিষয়টি নিয়ে সমালোচনা করলেও আবার কেউ কেউ সম্পূর্ণ ঘটনা যাচাই না করে মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে এটি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন ভিডিওটির প্রকৃত ঘটনা কী এবং এর পেছনের বাস্তবতা কী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলা উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “ভাইরাল হওয়া ভিডিওটি সম্পূর্ণ এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে আমি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
সচেতন মহল বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও ভাইরাল হলে সেটির সত্যতা যাচাই না করে মন্তব্য বা প্রচার করা ঠিক নয়। এতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।
তবে ভাইরাল হওয়া ভিডিওটির প্রকৃত ঘটনা কী, তা জানতে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তদন্ত বা আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :