প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ মার্চ, ২০২৬

সদর-বেগমগঞ্জের ২৫ গ্রামে আগাম ঈদ উদযাপন

উপজেলা প্রতিনিধি, সদর : মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে শুক্রবার (২০ মার্চ ২০২৬) সদর ও বেগমগঞ্জ উপজেলার অন্তত ২৫টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দীর্ঘদিন ধরে এসব এলাকার বাসিন্দারা একদিন আগেই ঈদ পালন করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগাম ঈদ উদযাপনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সদর উপজেলার কালিতারা, জয়কৃষ্ণপুর, অশ্বদিয়া ও পশ্চিম মহাদেবপুর এবং বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ, চাঁদ কাশিপুর, তিতাহাজরা ও ফাজিলপুর, জিরতলি ইউনিয়নের বারইচতল ও মহেষপুর এবং আলাইয়াপুর ইউনিয়নের নরোত্তমপুরসহ বিভিন্ন গ্রামে ইতোমধ্যে ঈদের আমেজ বিরাজ করছে।

এসব গ্রামের কয়েক হাজার মানুষ সকাল থেকেই ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় মসজিদ ও ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। নামাজ শেষে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে তারা ঈদের আনন্দ ভাগ করে নেবেন। ঘরে ঘরে চলছে সেমাই, পিঠা ও বিভিন্ন খাবার তৈরির প্রস্তুতি।
গ্রামবাসীরা জানান, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার খবরকে গুরুত্ব দিয়েই তারা ঈদ উদযাপন করেন।

বিশেষ করে সৌদি আরবে চাঁদ দেখার ঘোষণার ওপর ভিত্তি করেই প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকেন তারা। তাদের মতে, প্রযুক্তির কল্যাণে এখন দ্রুত চাঁদের খবর জানা সম্ভব হওয়ায় মুসলিম উম্মাহর সঙ্গে একই দিনে ঈদের আনন্দ ভাগ করে নিতেই এ উদ্যোগ।

জানা গেছে, ১৯২৫ সালে তৎকালীন অবিভক্ত অঞ্চলের রশিদপুর গ্রামের মাওলানা আব্দুল হামিদ প্রথম এই মত প্রচার করেন। তার ধারাবাহিকতায় এখনো এসব এলাকার মানুষ আগাম ঈদ উদযাপনের এই রীতি অনুসরণ করে আসছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর