
মোঃ জাহাঙ্গীর আলম, শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে স্কাইরক্স মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর সম্মাননা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাস্টার মকসুদুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা এবং সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউ.এস (ইনক)-এর সহযোগিতায় এ আয়োজন করা হয়।
রবিবার সকালে উপজেলার দিলদার মার্কেটস্থ রংধনু কমিউনিটি সেন্টারের সামনে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক উপসচিব আবু নাছের টিপুর সভাপতিত্বে ও আরমান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আবু ইউসুফ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব ও কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, জে.এম.আই গ্রুপের পরিচালক গোলাম মোস্তফা, মাস্টার মকসুদুর রহমান ফাউন্ডেশনের এমডি মিজানুর রহমান, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও হাজী মকসুদুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের সভাপতি শেখ মুস্তাফিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, একটি মহল অতীতে ও বর্তমানে ধর্মের কথা বলে বাংলাদেশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। নির্বাচনের প্রাক্কালে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, কাবিলপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি জনগণের সহযোগিতায় ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ভবিষ্যতে কৃষকদের সহায়তায় কৃষি কার্ড বিতরণ, খাল খনন কর্মসূচি চালু ও বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, অপচয় বন্ধ করতে হবে এবং জনগণের ট্যাক্সের অর্থ সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগে এ সমস্যা সমাধান সম্ভব। পুলিশের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আন্তরিকতা থাকলে খুব অল্প সময়েই মাদকসেবী ও অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সতর্ক করে বলেন, গরিবদের প্রাপ্য সুবিধা আগে নিশ্চিত করতে হবে, কোনো ধরনের স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না।
অনুষ্ঠানে শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদপত্র বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :