
উপজেলা প্রতিনিধি, সদর : রমজানে ঈদের জন্য মাইজদী সুপার মার্কেটে সামান্য কেনাকাটা করেই ভাগ্য বদলে ফেললেন মো. তারেক নামের এক তরুণ। মাত্র ২-৩ হাজার টাকার শপিং করে তিনি জিতে নিয়েছেন প্রায় ৫ লাখ টাকা মূল্যের একটি প্রিমিয়াম ‘রয়্যাল এনফিল্ড’ মোটরসাইকেল।
নোয়াখালী সুপার মার্কেট কর্তৃপক্ষ ক্রেতাদের আকৃষ্ট করতে প্রতি ঈদে র্যাফেল ড্র-এর আয়োজন করে। এবার এতে প্রথম পুরস্কার হিসেবে রাখা হয় একটি দামী মোটরসাইকেল। তারেক ওই মার্কেট থেকে কেনাকাটা করে একটি কুপন সংগ্রহ করেন। পরে লটারির ড্র-এ তার ১০৫৪০৫ নম্বর কুপনটি প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত হয়।
বিজয়ী মো. তারেকের বাড়ি সোনাপুর এলাকার করমুল্লা বাজার সংলগ্ন। লটারিতে তার নাম ঘোষণা হওয়ার পরপরই এলাকায় আনন্দের বন্যা বয়ে যায়। স্থানীয়রা এটিকে বিরল সৌভাগ্য হিসেবে দেখছেন।
র্যাফেল ড্র অনুষ্ঠানটি বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয় বলে আয়োজকরা জানান। পুরস্কার ঘোষণা শেষে আনুষ্ঠানিকভাবে তারেকের হাতে বাইকের চাবি তুলে দেওয়া হয়।
উচ্ছ্বাস প্রকাশ করে তারেক বলেন, “আমি কখনো ভাবিনি এত কম টাকায় শপিং করে এত বড় পুরস্কার পাবো। এটা আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ।”
এদিকে, তারেকের এই অপ্রত্যাশিত সাফল্যের খবর ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই তার এই সৌভাগ্যকে অভিনন্দন জানিয়ে মন্তব্য করছেন।
আপনার মতামত লিখুন :