
নিজস্ব প্রতিবেদক
কবিরহাটে এক স্বামী পরিত্যক্ত নারী কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সাবেক স্বামী ও স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী নারী ও এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার সকাল ১০টায় কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গাজীর খেয়া এলাকায় ভুক্তভোগী নারী সেলিনার বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী নারী জানান, তিনি ওই এলাকায় একটি বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করলে স্থানীয় করিম, কালাম ও হাসেমসহ কয়েকজন বখাটে তাকে কুপ্রস্তাব দেয় এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে সুযোগের অপেক্ষায় ছিল।
তিনি আরও জানান, প্রায় ৮ মাস আগে বিদেশ থেকে দেশে ফেরার পর তাদের সংসার ভালোই চলছিল। এ সময় এলাকার ওই ব্যক্তিরা তার স্বামীর কাছে বিভিন্ন মিথ্যা অভিযোগ করলে দাম্পত্য কলহ শুরু হয়। পরে প্রায় কয়েক মাস আগে আদালতের মাধ্যমে তাদের ডিভোর্স হয়।
এরপর গত ২৫ মার্চ রাতে তার সাবেক স্বামী ওই ব্যক্তিদের নিয়ে বাড়িতে প্রবেশ করে। এক পর্যায়ে তারা ঘরে ভাঙচুর চালিয়ে জোরপূর্বক ঢুকে পড়ে এবং তাকে, তার মেয়ে ও বোনকে মারধর করে। এ সময় স্বর্ণালংকার ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াছ মেম্বার জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বহিরাগত সন্ত্রাসীদের আটক করে পুলিশে সোপর্দ করেন। এরপর করিম, কালাম ও হাসেম গং তাদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিতে থাকে। পরবর্তীতে কাশেম ও তার ছেলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মারধরের ঘটনাও ঘটে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এ বিষয়ে কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভুক্তভোগী নারীর মামলার ভিত্তিতে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :