
উপজেলা প্রতিনিধি, সদর :
নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে হৃদরোগ চিকিৎসা সেবায় চরম সংকট দেখা দিয়েছে। আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও হৃদরোগ বিশেষজ্ঞ করিমুল হুদা সিরাজি সম্প্রতি ফেসবুকে তথ্যভিত্তিক একটি পোস্টে এই পরিস্থিতি তুলে ধরেছেন।
হাসপাতালটি বর্তমানে অস্থায়ীভাবে নোয়াখালী মেডিকেল কলেজ হিসেবে ব্যবহৃত হলেও হৃদরোগ সেবায় উল্লেখযোগ্য উন্নতি হয়নি। এখানে প্রায় ৮ জন হৃদরোগ বিশেষজ্ঞ থাকলেও পর্যাপ্ত সাপোর্ট স্টাফ ও প্রশিক্ষিত নার্সের অভাব রয়েছে। জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন কার্ডিয়াক মনিটর, ইনফিউশন পাম্প প্রায় নেই; শুধুমাত্র একটি নিম্নমানের ইকো মেশিন রয়েছে।
সরকারি বরাদ্দকৃত বেড সংখ্যা মাত্র ৬টি হলেও বাস্তবে একই ওয়ার্ডে ৫০–৬০ জন রোগী ভর্তি থাকছেন।
এছাড়া হাসপাতালটিতে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) না থাকায় হার্ট অ্যাটাকের মতো জরুরি রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা চট্টগ্রামে পাঠাতে হচ্ছে। স্থানীয়রা দাবি করেছেন, দ্রুত হাসপাতালের নতুন ভবন উদ্বোধন এবং প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে হৃদরোগ চিকিৎসা সেবার মান উন্নয়ন করা হোক।
আপনার মতামত লিখুন :