
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে শাহজাদপুর প্রিমিয়ার লিগ (SPL)-২০২৬-এর ১১তম আসরের খেলোয়াড় নিলাম। বুধবার সন্ধ্যায় বসুরহাট বাগান বাড়ি রেস্টুরেন্টে মিলনায়তনে এই নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নিলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজী সুমন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহজাদপুর প্রিমিয়ার লিগের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন শেখ মাসুদ। তিনি তার বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এসপিএল এই অঞ্চলে সুস্থ বিনোদন ও সৌহার্দ্য সম্প্রসারণে ভূমিকা রাখছে।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, এবারের নিলামে মোট ১০৭ জন ক্রিকেটার অংশ নেন। এর মধ্যে ৯০ জন খেলোয়াড় বিভিন্ন দলে সুযোগ পান। ছয়টি দল প্রতিযোগিতামূলক দরদামের মাধ্যমে নিজেদের স্কোয়াড গঠন করে। দলগুলোর মালিকানায় রয়েছেন সেভেন স্টার কিংস-এর পক্ষে কাজী শামসুদ্দিন, আর.পি চৌধুরী ইউনিটির পক্ষে রাফাদ চৌধুরী, ফ্রেন্ডস টেলিকমের পক্ষে নুরে মামুন, এ.আর.এইচ ওয়ারিয়র্স-এর পক্ষে আহমেদ রানা, হৃদয় ইউনাইটেড স্ট্রাইকার্স-এর পক্ষে হৃদয় চৌধুরী এবং ওতারহাট স্পোর্টিং ইলেভেনের পক্ষে রেজভী আহমেদ।
নিলামে দল পাওয়া উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মুবিন, সিয়ান, সৈকত, রায়হান, বাঁধন ও মো. আলী। পুরো অনুষ্ঠান জুড়ে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
এবারের এসপিএল ২০২৬-এর পৃষ্ঠপোষকতায় রয়েছে ‘ইকো ভিশন’ (EKKO Vision) ও ‘ফ্যালকন স্পোর্টস’ (Falcon Sports)। আয়োজকরা জানিয়েছেন, নিলামের মাধ্যমে দলগুলো ভারসাম্যপূর্ণভাবে গঠিত হয়েছে। খুব শীঘ্রই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে।
আপনার মতামত লিখুন :