
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
সোনাইমুড়ী উপজেলায় তথ্য গোপন করে জমি নামজারি ও দখলের অভিযোগ উঠেছে। উপজেলার নাওতলা গ্রামের মিজানুর রহমান ও মোহাম্মদ মাহি উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন একই গ্রামের বিধবা আলেয়া ইসলাম। এ ঘটনায় তিনি সোনাইমুড়ী পৌর ভূমি অফিসে নামজারি রিভিউ মামলা দায়ের করেছেন।
ভূমি অফিস সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি সোনাইমুড়ী উপজেলার নাওতলা ২৮৮ নম্বর মৌজার ২৬ নম্বর খতিয়ানের ৩৮৬ নম্বর দাগের ০.০৪৭৫ একর জমির নামজারি বাতিল চেয়ে রিভিউ মামলা করেন আলেয়া ইসলাম। অভিযোগের প্রেক্ষিতে আগামী ৬ এপ্রিল (সোমবার) বিকেলে সরেজমিন তদন্তের তারিখ নির্ধারণ করে সোনাইমুড়ী পৌর ভূমি অফিস। এ বিষয়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবু সাদত মোহাম্মদ সায়েম স্বাক্ষরিত নোটিশ ৩১ মার্চ উভয় পক্ষকে প্রদান করা হয়।
তবে অভিযোগ উঠেছে, তদন্তের নোটিশ পাওয়ার পরই বিবাদী পক্ষ তড়িঘড়ি করে জমির ওপর অস্থায়ী দোকানঘর নির্মাণের কাজ শুরু করেছে।
অভিযোগে জানা যায়, বিএস ২৬ নম্বর খতিয়ানের রেকর্ডভুক্ত মালিক আমিনুল ইসলাম ২০০৬ সালে ৫৩৩৪ নম্বর দলিলে ৩৮৭ ও ৩৯৭ নম্বর দাগে মোট ০.২১৫০ একর জমি তার স্ত্রী সাহেয়ারা বেগম ও ছেলে মিজানুর রহমানের নামে হস্তান্তর করেন। পরবর্তীতে ২০০৯ সালে সাহেয়ারা বেগম ৪৮৮২ নম্বর দলিলে ৩৯৭ নম্বর দাগের ০.০৯৫০ একর জমি মো. শামসুল ইসলামের নামে দান করেন।
কিন্তু দানকৃত জমির সঙ্গে বাস্তব দখলের অমিল থাকায় ২০১০ সালে ৪০৬০ নম্বর সংশোধনী দলিলের মাধ্যমে ৩৮৬ নম্বর দাগে একই পরিমাণ জমি পুনরায় বুঝিয়ে দেওয়া হয়। শামসুল ইসলামের মৃত্যুর পর তার স্ত্রী আলেয়া ইসলাম জমি নামজারি করতে গিয়ে জানতে পারেন, ভুয়া চৌহদ্দি ও খরিদবহির্ভূত দলিল ব্যবহার করে ওই জমির ০.০৪৭৫ একর ইতোমধ্যে বিবাদীরা নিজেদের নামে নামজারি ও জমা-খারিজ করে নিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নাওতলা গ্রামের নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের পাশে অবস্থিত বিতর্কিত জমিতে সিমেন্টের পিলার, কাঠ ও টিন দিয়ে দোকানঘর নির্মাণের কাজ চলছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিবাদী মিজানুর রহমান ও মাহি উদ্দিনের পক্ষের লোকজন সেখানে কাজ করছেন।
ভুক্তভোগী আলেয়া ইসলাম বলেন, “আমার স্বামীর রেখে যাওয়া প্রায় সাড়ে ৯ শতাংশ জমির মধ্যে ৪.৭৫ শতক জমি জালিয়াতির মাধ্যমে নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে বিবাদীরা। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
তিনি আরও জানান, সরেজমিন তদন্তের নোটিশ পাওয়ার পরই বিবাদীরা জোরপূর্বক নির্মাণকাজ শুরু করেছে, যা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিবাদী পক্ষ দাবি করে, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি এবং সেখানে কোনো দোকানঘর নির্মাণ করা হচ্ছে না, কেবলমাত্র সীমানা নির্ধারণের কাজ চলছে।
এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা নিশ্চিত করা জরুরি।
আপনার মতামত লিখুন :