
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের জন্য তেল আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া ইমন (১৯) নামের আরেক যুবকের মৃত্যু হয়েছে। এর আগে একই ঘটনায় তার বন্ধু অন্তর ঘটনাস্থলেই নিহত হন।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য এনায়েত উল্যাহ।
এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েতভূঞা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইমন উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মিন হাজীর বাড়ির রেজাউল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতিতে অকটেন ও পেট্রোল সংকট দেখা দেওয়ায় ওইদিন বিকেলে অন্তর ও ইমন মোটরসাইকেলের জন্য তেল আনতে ফেনীর একটি পাম্পের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তেল সংগ্রহ করে ফেরার পথে এনায়েতভূঞা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় অন্তরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। অপরদিকে গুরুতর আহত ইমনকে প্রথমে ফেনী এবং পরে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইউপি সদস্য এনায়েত উল্যাহ জানান, ইমন পরিবারের হাল ধরতে প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আপনার মতামত লিখুন :