
দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার সাম্প্রতিক সংকট কেবল একটি রোগের বিস্তার নয়; এটি দীর্ঘদিনের নীতিগত দুর্বলতা, অব্যবস্থাপনা ও অবহেলার সম্মিলিত প্রতিফলন। সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাব এবং একের পর এক শিশুমৃত্যুর ঘটনা সেই গভীর সংকটকে সামনে এনে দিয়েছে, যা দীর্ঘদিন ধরেই পুঞ্জীভূত হচ্ছিল।
বিশ্লেষকরা মনে করছেন, অন্তর্বর্তীকালীন সময়ের স্বাস্থ্যখাতের শৈথিল্য ও কিছু ভুল সিদ্ধান্তের ধারাবাহিকতা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অথচ হাম একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। কার্যকর টিকাদান কর্মসূচি থাকলে এর বিস্তার সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব।
বাংলাদেশ একসময় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর মাধ্যমে বিশ্বে সফল উদাহরণ হিসেবে বিবেচিত হয়েছিল। কিন্তু সেই সাফল্যের ধারাবাহিকতা সাম্প্রতিক সময়ে ধরে রাখা যায়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশের স্বাস্থ্যখাতের দুর্বলতা নতুন নয়। করোনা মহামারি এই খাতের সীমাবদ্ধতা স্পষ্টভাবে তুলে ধরেছিল। এরপরও কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যায়নি। এখনও লোকবল সংকট, প্রয়োজনের তুলনায় কম বাজেট, দুর্নীতি, অব্যবস্থাপনা, চিকিৎসা সরঞ্জামের অভাব, অতিরিক্ত চিকিৎসা ব্যয় এবং ওষুধের উচ্চমূল্য—সব মিলিয়ে স্বাস্থ্যব্যবস্থা চাপের মুখে রয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একটি সুসংগঠিত মহাপরিকল্পনার অভাব রয়েছে। একইসঙ্গে, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হলে কার্যকর বিকেন্দ্রীকরণ জরুরি।
স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও দেশের সাধারণ মানুষের জন্য আধুনিক ও সমন্বিত চিকিৎসা ব্যবস্থা এখনো পুরোপুরি গড়ে ওঠেনি। গ্রাম ও শহরভেদে চিকিৎসাসেবার মানে ব্যাপক বৈষম্য দেখা যায়। অনেক ক্ষেত্রে সেবার মান নির্ধারণে কোনো সুস্পষ্ট মানদণ্ডও নেই।
বিশেষজ্ঞরা বলেন, সুস্বাস্থ্য বিষয়ে আমাদের সামগ্রিক ধারণা এখনও সীমিত। বেশিরভাগ মানুষ অসুস্থ হলে তবেই চিকিৎসার কথা ভাবেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রতি গুরুত্ব তুলনামূলকভাবে কম।
বর্তমান প্রেক্ষাপটে ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠন করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে সঠিক পরিকল্পনা, কার্যকর বাস্তবায়ন এবং দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা থাকলে এ পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হামের প্রাদুর্ভাব একদিকে যেমন সতর্কবার্তা, অন্যদিকে এটি একটি সুযোগও। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে একটি শক্তিশালী, টেকসই ও জনগণমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার এখনই উপযুক্ত সময়।
আপনার মতামত লিখুন :