
উপজেলা প্রতিনিধি, সদর :
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ে নিয়মিত কর্মকর্তা ও পর্যাপ্ত জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে কনসার্স কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) নোয়াখালী জেলা কমিটি। রবিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সিসিএস নোয়াখালী জেলা কো-অর্ডিনেটর অ্যাডভোকেট ওমর ফারুক খালেদ এবং সঞ্চালনা করেন প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ। মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা কো-অর্ডিনেটর আবুল হাসান সোহেল। এছাড়াও বক্তব্য দেন সংগঠনের নেতৃবৃন্দ রফিকুল ইসলাম রবি, আবু আবদুল্লাহ জিহান, মোবারক হোসেন রুবেল, হারুনুর রশিদ ও মুজাহিদুল ইসলামসহ স্থানীয় স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, পুরো জেলায় ভোক্তা অধিকার অধিদপ্তরের কার্যক্রম মূলত একজন কম্পিউটার অপারেটরের মাধ্যমে পরিচালিত হচ্ছে। নিয়মিত কর্মকর্তা না থাকায় বাজার তদারকি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, ভেজাল খাদ্যপণ্যের বিস্তার এবং অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থার কারণে সাধারণ ভোক্তারা প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
তারা আরও জানান, একটি জেলা কার্যালয়ে ১৩ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও নোয়াখালীতে বর্তমানে একজন কম্পিউটার অপারেটর দিয়ে কার্যক্রম চলছে। ফেনীর উপ-পরিচালককে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও তিনি মাসে মাত্র ৩-৪ দিন অফিস করেন। এতে জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার মনিটরিং কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।
বক্তারা দাবি জানান, নোয়াখালীতে অবিলম্বে একজন স্থায়ী পরিচালকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর পূর্ণাঙ্গ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে সিসিএস প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে বাণিজ্য মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ ভোক্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :