
উপজেলা প্রতিনিধি, চাটখিল :
জেলার চাটখিল উপজেলায় শতবর্ষী কালিয়াতল মেলা তার ঐতিহ্য হারিয়ে ফেলছে। বর্তমানে বট গাছটি মেলার চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। এ গাছের নিচে বাংলা নববর্ষের ১ম দিন হিন্দু সম্প্রদায়ের লোকজন কালিপূঁজা করে তাদের বছরের কর্মকান্ড শুরু করেন। এটি নোয়াখালী জেলার চাটখিলের ৯নং খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া দেলিয়াই সড়কের পাশে খিলপাড়া বাজার থেকে ১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে শংকরপুর গ্রামে অবস্থিত।
জানা গেছে শর্তবর্ষেরও বেশি সময় ধরে এখানে কালিয়াতল মেলা নামে প্রতি বাংলা নববর্ষে ১ম দিনে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলায় তার ঐতিহ্য ধারণকারী বটগাছ থাকলেও অন্যান্য ঐতিহ্য হারিয়ে গেছে। মেলার নামে যে জায়গা রয়েছে তার মেলার চতুরপাশের জমির মালিকেরা অনেকাংশে দখল করে নিয়েছে। মেলার মাঠে লাগিয়েছে সুপারিগাছসহ বিভিন্ন গাছপালা। এ মেলায় চাটখিলের দক্ষিণাঞ্চল, লক্ষীপুরসহ বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন পূঁজা দিত। একজন পুরোহিত এ পূঁজা পরিচালনা করত। মেলা বসত বিভিন্ন ধরনের দোকানপাট। বিশেষ করে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র। মেলায় আসা লোকজন বাড়ী যেতে মাটির হাঁড়িতে করে মুড়ি আর জিলাপি নিয়ে যেত। মেলার পাশে কুরিবাড়ী লোকজন এ মেলা পরিচালনা করত। জুয়ার আসর বসত জমজমাট। ১লা বৈশাখ ভোর বেলায় ঢোলের আওয়াজ শুনলে লোকজন ছুটে আসত মেলায়। এখন আর সে ঐতিহ্য নেই।
মেলার জমি অনেকাংশে দখল হয়ে গেছে। বাড়ী পাশের কুরিবাড়ীর লোকজন বিভিন্ন কারণে বাড়ী থেকে বিভিন্নস্থানে গিয়ে বসবাস করায় এটার এখন তত্ত্বাবধান হয় না, মেলাও জমে না। এটি পরিচালনার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ ও সরকারী ভাবে কোন নিয়ন্ত্রণ নেই। প্রবীন শিক্ষক বয়োজেষ্ঠ্য বাবু ব্রজলাল দাস জানান, মেলাটি ঠিক কবে থেকে এখানে হচ্ছে তার তিনিও জানেন না। তবে তিনি ধারণা করছেন এটি ব্রিটিশ আমল থেকে চলে আসছে। বৃদ্ধ শফিক উল্লাহ জানান, তিনি ছোট বেলা থেকে এ মেলাটি দেখে আসছেন। তবে আগে যেভাবে মেলাটি জমত এখন সেভাবে জমে না। মেলায় দোকানপাটও তেমন বসে না। এ নিয়ে স্থানীয় লোকজনের আগ্রহ ও অংশ গ্রহণ কমে গেছে। স্থানীয় বখাটেদের উৎপাতের কারণে মহিলাসহ দূরদান্ত থেকে কেউ আসে না। খিলপাড়া বাজারের ব্যবসায়ী ও বিএনপি’র নেতা মনির হোসেন জানান, মেলাটি রক্ষাণাবেক্ষণ এবং এটি যাতে পূর্বের ঐতিহ্যা ফিরিয়ে আসতে পারে সে ব্যাপারে দলের ঊর্ধ্বতন নেতৃবন্দের সাথে আলোচনা করে সকল শ্রেণি পেশার লোকজনকে নিয়ে এ মেলার ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :