• ঢাকা
  • রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬

হাতের টানেই খুলছে ইট: সোনাইমুড়ীতে কোটি টাকার সড়ক নির্মাণে গুরুতর অনিয়ম

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
সোনাইমুড়ী পৌরসভার ভানুয়াই গ্রামে নির্মাণাধীন একটি গুরুত্বপূর্ণ সড়কের ইটের গাঁথুনি হাত দিয়ে টান দিলেই খুলে আসছে এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে গাঁথুনির ইট ও সিমেন্ট-বালুর মিশ্রণ খসে পড়ছে বলে অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কটির কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

পৌরসভা সূত্রে জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়নে ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’ (এলজিসিআরআরপি)-এর আওতায় ১ হাজার ১৩৮ মিটার দৈর্ঘ্যের সড়কটির নির্মাণকাজ চলছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয় দুই কোটি ৩৪ লাখ ৯৫ হাজার ৩০১ টাকা, যা চুক্তিবদ্ধ হয় এক কোটি ৯৩ লাখ ৭৭ হাজার ১৫১ টাকায়।
প্রকল্পের আওতায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিএসআর রোড (ভানুয়াই মসজিদ) থেকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন রোড পর্যন্ত ৬২৫ মিটার এবং ৭ নম্বর ওয়ার্ডে সোনাইমুড়ী আলিয়া মাদ্রাসা থেকে এলএলএস রোড পর্যন্ত ৫১৩ মিটার সড়কের কাজ চলছে। বেগমগঞ্জ উপজেলার একলাশপুর এলাকার মো. নূর নবীর মালিকানাধীন মেসার্স প্রাইম ট্রেডার্স এ কাজের ঠিকাদার প্রতিষ্ঠান।
সরেজমিনে দেখা যায়, ভানুয়াই মসজিদ সংলগ্ন অংশে নির্মাণকাজ বন্ধ রয়েছে। সেখানে ব্যবহৃত ইট ও খোয়ার মান অত্যন্ত নিম্নমানের; হাতের চাপেই খোয়া গুঁড়ো হয়ে যাচ্ছে। এছাড়া পুরাতন ইট দিয়ে সড়কের পাশের গাঁথুনি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা অনিয়মের প্রতিবাদে কয়েকটি গাঁথুনি হাত দিয়ে খুলে ফেলেছেন।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, রাস্তার কাজে চরম অবহেলা করা হচ্ছে। এতে আমাদের চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। ইজিবাইক চালক নিজাম বলেন, নিম্নমানের ইট, বালু ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। চাকার সামান্য ঘষা লাগলেই ইট খুলে যাচ্ছে।

ভানুয়াই গ্রামের বাসিন্দা মনির হোসেন জানান, নিয়ম অনুযায়ী ৪ বস্তা বালুর সঙ্গে ১ বস্তা সিমেন্ট দেওয়ার কথা থাকলেও এখানে ৯ বস্তা বালুর সঙ্গে ১ বস্তা সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, সড়কের পাশে গাইড ওয়াল নির্মাণের কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্রাইম ট্রেডার্সের মালিক মো. নূর নবীকে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, কাজটি বাস্তবে পরিচালনা করছেন জাকির হোসেন নামের এক ব্যক্তি। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, কাজে কোনো নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়নি। স্থানীয় কিছু লোক গাঁথুনি টেনে খুলে ফেলেছে।

সোনাইমুড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল আজিম বলেন, ঘটনাটি আমরা অবগত হয়েছি এবং ভাইরাল ভিডিওটিও দেখেছি। বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে।

অন্যদিকে, পৌরসভার প্রশাসক নাছরিন আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয়দের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মানসম্মতভাবে সড়ক নির্মাণ নিশ্চিত করা হোক।

আরও পড়ুন

  • . এর আরও খবর