
উপজেলা প্রতিনিধি, সদর :
সদর উপজেলায় একটি প্রাইভেট কারের ধাক্কায় নাজমা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বাসিন্দা মো. বাচ্চুর স্ত্রী। শুক্রবার (১৭ এপ্রিল, ২০২৬) রাত সাড়ে আটটার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর এলাকার সোনাপুর-কবিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নাজমা বেগম দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করছিলেন। কয়েক দিন আগে তিনি স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তিনি শ্বশুরবাড়ি থেকে স্থানীয় বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এ সময় অলিপুর এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :