• ঢাকা
  • রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬

ডেঙ্গুমুক্ত পৌরসভা গড়তে বসুরহাট পৌর কর্তৃপক্ষের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

আবু ছায়েদ শাকিল, কোম্পানীগঞ্জ :
দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় এবং মশার বংশবিস্তার রোধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। ‘পরিচ্ছন্ন শহর, সুস্থ নাগরিক’ এই স্লোগানকে সামনে রেখে বসুরহাট পৌরসভার উদ্যোগে এই জনগুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করা হয়।

শনিবার বেলা ১১টায় বসুরহাট পৌরসভার শংকরবংশী খালসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও নালা-নর্দমায় এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের শুরুতেই খালের জমে থাকা বর্জ্য ও কচুরিপানা অপসারণ করা হয় এবং মশার লার্ভা ধ্বংসে বিভিন্ন ড্রেনে বিশেষ ওষুধ ছিটানো হয়।

অভিযান চলাকালে মাঠ পর্যায়ে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন,বসুরহাট পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হালিম উল্যাহ, হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা এম গোলাম ছারওয়ার, বাজার পরিদর্শক করিমুল হক, লাইসেন্স পরিদর্শক জামাল উদ্দিন মাসুদ এবং কনজারভেন্সি ইন্সপেক্টর লিটন চন্দ্র দাসসহ পৌরসভার অন্যান্য কর্মচারীবৃন্দ।

পৌর প্রশাসন থেকে জানানো হয়েছে, নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে এই অভিযান নিয়মিত চলবে। শুধু পৌরসভা নয়, বরং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে এবং দীর্ঘক্ষণ পানি জমিয়ে না রাখার অনুরোধ জানানো হয়েছে।

বসুরহাটকে একটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতেই এই ধারাবাহিক পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

আরও পড়ুন

  • . এর আরও খবর