
উপজেলা প্রতিনিধি, সদর :
সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে অটোচালক ছিনতাই করতে না পেরে পেট্রোল ঢেলে মো. হান্নান নামে এক রিকশা চালকের ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ এপ্রিল, ২০২৬) রাত ২টার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ড গুনাইবাগ গ্রামের খোকন মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ মালামালসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
তারা অভিযোগ করে বলেন, উত্তর গুনাইবাগ গ্রামের ফারুক, হৃদয় ও সোহাগ এলাকায় দীর্ঘদিন ধরে চুরি-ডাকাতি করে আসছে।
তাদের যন্ত্রণায় এলাকার মানুষ অতিষ্ঠ। রোববার রাত ২টার দিকে বসতঘরে থাকা অটোচালককে চুরি করতে এসে ব্যর্থ হয়ে বসতঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয়রা। তারা বলছেন, চুরিতে ব্যর্থ হয়ে বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা খুবই অমানবিক অপরাধ। তারা দীর্ঘদিন এলাকায় চুরি-ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় এ ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে।
এ ঘটনায় সুধারাম মডেল থানার ওসি মো. তৌহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :